জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হাওরে ভোরে হালকা বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, ভোরে জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান শাহ আলম ও মোকাররম। কিছুক্ষণ পর হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে হাওরের পানিতে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সকাল গড়িয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা হাওরে তাদের খুঁজতে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে দুজনের মরদেহ দেখতে পান তারা।

নিহত মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে বাড়ি এসে বিয়ে করেছিলেন তিনি। অন্যদিকে শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন: এবার নবীনবরণে কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বজ্রপাতে দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ বর্তমানে নিহতদের বাড়িতে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়