আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচ নিয়ে নতুন তথ্য
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে পারে আগামী ৬ অক্টোবর। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, বেনিনের বিপক্ষে ওই ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে পারেন মেসি।
আর্জেন্টিনার বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেনিনের বিপক্ষে ঘোষিত আর্জেন্টিনা দলেও রাখা হয়েছে মেসিকে।
রোমানো তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ম্যাচটিকে মেসির সম্ভাব্য লাস্ট ডান্স হিসেবে উল্লেখ করেছেন। জাতীয় দলের সমর্থকদের সামনে বিদায় নিতেই মেসি এই ম্যাচে মাঠে নামবেন বলেও দাবি করেছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত মেসি আগেই দিয়েছিলেন। এরপর থেকেই আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ কবে তা নিয়ে আলোচনা চলছিল। মেসিকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার সাফল্যে ভরপুর। বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের পাশাপাশি জাতীয় দলের হয়ে অসংখ্য রেকর্ড ও স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে ৬ অক্টোবরের বেনিনের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠতে পারে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী মঞ্চ। তবে ম্যাচটিই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হবে কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার নেপথ্যে আসিফ নজরুলের একক সিদ্ধান্ত
মনুমেন্টাল স্টেডিয়ামে সেদিন তাই ম্যাচের ফলাফলের পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার দেখার সম্ভাব্য মুহূর্তের দিকেও থাকবে সমর্থকদের নজর।
নিউজবাংলাদেশ.কম/এসবি








