ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জয়
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন মেয়াদে যাত্রার প্রথম ম্যাচেই সাবেক ক্লাব ইন্টারের বিপক্ষে জয় পেলেন পর্তুগিজ কোচ হোসে মরিনিয়ো। রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে ১৪তম মিনিটে ইন্টারের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে এগিয়ে যায় রিয়াল। কার্টিস জোন্সের দুর্বল পাসে চাপে পড়ে যান ইয়ান বিসেক। সেই সুযোগে বল কেড়ে নিয়ে ব্রাহিম দিয়াজ বাড়িয়ে দেন এমবাপ্পের দিকে। বল পেয়েই নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। নিজেদের বক্সে বল পায়ে কিছুটা সময় নেওয়ার সুযোগে ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেজকে চাপে ফেলেন ভালভার্দে। উরুগুয়ের এই মিডফিল্ডার বল ছিনিয়ে নিয়ে খালি জালে পাঠিয়ে দেন। ফলে প্রথমার্ধেই ২-০ গোলের লিড পায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে ক্রিস্টিয়ান কিভুর ইন্টার মিলান। ৭৭তম মিনিটে লাউতারো মার্তিনেজের চমৎকার ক্রস থেকে জোরালো শটে গোল করেন কার্লোস অগাস্টো। এতে ম্যাচে ফেরার আশা জাগে ইতালিয়ান ক্লাবটির।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর জরিমানার মুখে বাংলাদেশ
শেষ দিকে সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় ইন্টার। তবে রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া দুর্দান্ত কয়েকটি সেভ করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের শেষ মুহূর্তে হেনরিখ মখিতারিয়ানের গোলমুখী শটও ফিরিয়ে দেন তিনি।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করে রিয়াল মাদ্রিদ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








