স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের ক্রিকেট সূচি ঘোষণা

এশিয়ান গেমসের ক্রিকেট সূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট প্রতিযোগিতার সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচগুলো।

নারী ক্রিকেট দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কোয়ার্টার-ফাইনালের চারটি ম্যাচ। ২০ সেপ্টেম্বর হবে দুই সেমিফাইনাল। এরপর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল।

নারী বিভাগের কোয়ার্টার-ফাইনালে ১৭ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ মুখোমুখি হবে চীনের। একই দিন দুপুরে পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং ভারত-জাপানের মধ্যকার কোয়ার্টার-ফাইনাল অনুষ্ঠিত হবে।

অন্যদিকে পুরুষ ক্রিকেটের গ্রুপ পর্ব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। বাছাই করা দল হিসেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে।

২৮ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে বি গ্রুপের দ্বিতীয় সেরা দলের। একই দিন ভারত খেলবে এ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা খেলবে এ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে এবং বাংলাদেশ মুখোমুখি হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন দলের।

পুরুষ বিভাগের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১ অক্টোবর। এরপর ৩ অক্টোবর হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল।

ড্র অনুযায়ী, এবারের এশিয়ান গেমসে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারে শুধু ফাইনাল অথবা ব্রোঞ্জ পদকের ম্যাচে। দুই ম্যাচই ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২৩ সালে চীনের হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল ভারত। আফগানিস্তান রৌপ্য এবং বাংলাদেশ ব্রোঞ্জপদক পেয়েছিল। ব্রোঞ্জের ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

নারী ক্রিকেটেও ২০২৩ সালের আসরে স্বর্ণ জিতেছিল ভারত। শ্রীলঙ্কা রৌপ্য এবং পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জপদক অর্জন করেছিল বাংলাদেশ।

পুরুষ ক্রিকেটের সূচি

গ্রুপ পর্ব: ২৪–২৬ সেপ্টেম্বর

কোয়ার্টার-ফাইনাল | ২৮ সেপ্টেম্বর
সকাল ৯টা: পাকিস্তান বনাম বি-২
দুপুর ২টা: ভারত বনাম এ-২

কোয়ার্টার-ফাইনাল | ২৯ সেপ্টেম্বর
সকাল ৯টা: শ্রীলঙ্কা বনাম এ-১
দুপুর ২টা: বাংলাদেশ বনাম বি-১

সেমিফাইনাল | ১ অক্টোবর
সকাল ৯টা: সেমিফাইনাল-১
দুপুর ২টা: সেমিফাইনাল-২

৩ অক্টোবর
সকাল ৯টা: ব্রোঞ্জ পদকের ম্যাচ
দুপুর ২টা: ফাইনাল

আরও পড়ুন: জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

নারী ক্রিকেটের সূচি

কোয়ার্টার-ফাইনাল | ১৭ সেপ্টেম্বর
সকাল ৯টা: বাংলাদেশ বনাম চীন
দুপুর ২টা: পাকিস্তান বনাম থাইল্যান্ড

কোয়ার্টার-ফাইনাল | ১৮ সেপ্টেম্বর
সকাল ৯টা: শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া
দুপুর ২টা: ভারত বনাম জাপান

সেমিফাইনাল | ২০ সেপ্টেম্বর
সকাল ৯টা: সেমিফাইনাল-১
দুপুর ২টা: সেমিফাইনাল-২

২২ সেপ্টেম্বর
সকাল ৯টা: ব্রোঞ্জ পদকের ম্যাচ
দুপুর ২টা: ফাইনাল

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়