কারাবন্দি ইমরানের চিকিৎসা নিয়ে লারার উদ্বেগ, চাইলেন ‘প্রাপ্য সম্মান’
ছবি: সংগৃহীত
কারাগারের নিঃসঙ্গ অন্ধকারে দিন কাটছে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। একসময় যার জাদুকরি নেতৃত্বে পাকিস্তান জিতেছিল ওয়ানডে বিশ্বকাপ, আর যিনি কোটি তরুণের চোখে ছিলেন স্বপ্ন ও অনুপ্রেরণার প্রতীক, সেই মানুষটির বর্তমান শারীরিক অবনতি ও মানবেতর পরিস্থিতি নাড়া দিয়েছে ক্রিকেট বিশ্বের অপর এক কিংবদন্তিকে। পাকিস্তানের এই বিশ্ববরণ্য তারকার সুচিকিৎসা, মানবিক আচরণ এবং একজন মানুষের প্রাপ্য ন্যূনতম মর্যাদা নিশ্চিত করার দাবিতে সাবেক অধিনায়কদের আহ্বানের সঙ্গে এবার একাত্মতা প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে লারা তার পুরোনো শ্রদ্ধা, বিস্ময় এবং গভীর আক্ষেপ প্রকাশ করেছেন।
মাঠের লড়াইয়ে ইমরানের মুখোমুখি হওয়ার স্মৃতিচারণ করে লারা লিখেছেন, ইমরান খানের সঙ্গে তার মাঠে সাক্ষাতের সুযোগ হয়েছিল হাতে গোনা মাত্র কয়েকবার। তবে সেই স্বল্প সময়ের দেখাতেই তার মনে ইমরানের প্রতি যে গভীর শ্রদ্ধাবোধ তৈরি হয়েছিল, তা ছিল চিরস্থায়ী। খেলার মাঠের সেই চিরকালের প্রতিপক্ষ ও সহযোদ্ধার আজকের এই দুঃসময় মেনে নিতে পারছেন না ক্যারিবীয় এই ব্যাটার।
বিবৃতিতে লারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে উল্লেখ করেছেন, খেলোয়াড়ি জীবনের তুঙ্গে থাকা অবস্থায় যিনি নিজের দেশের জন্য আশা, গর্ব ও আলোর প্রদীপ জ্বেলেছিলেন, আজ তিনি কীভাবে এমন এক পরিস্থিতিতে নিক্ষিপ্ত হলেন যেখানে তাকে ন্যূনতম যত্ন, সহানুভূতি কিংবা প্রাপ্য সম্মানটুকুও দেওয়া হচ্ছে না তা সত্যিই অবিশ্বাস্য ও মেনে নেওয়া কঠিন। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের সাবেক ও বর্তমান অধিনায়করা দীর্ঘদিন ধরে ইমরানের স্বাস্থ্য ও কারাবন্দী জীবন নিয়ে সরব রয়েছেন। এর আগে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের একঝাঁক সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি পাঠিয়ে ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে বিশ্বজুড়ে বিভিন্ন কিংবদন্তি ক্রিকেটার যেমন প্যাট কামিন্স, সুনীল গাভাস্কার, কপিল দেব ও অ্যালান বর্ডারসহ ২১ জনেরও বেশি সাবেক অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে সুনির্দিষ্ট চিকিৎসাসেবা ও আদালতের নির্দেশিত স্বতন্ত্র মেডিকেল বোর্ডের মূল্যায়ন নিশ্চিত করার আহ্বান জানান।
আরও পড়ুন: বিসিবিতে রদবদল: মিরপুর ছেড়ে বিভাগীয় দায়িত্বে খোকন-বেলাল
সেই দাবির সঙ্গে নিজের কণ্ঠ মিলিয়ে লারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজনীতি বা অন্য কোনো ভূগোলের খাতিরে নয়, বরং এটি নিখাদ মানবতার প্রশ্ন।
তার সাফ কথা, এটি কোনো রাজনৈতিক ইস্যু বা পক্ষ নেওয়ার লড়াই নয়; এটি আমাদের ক্রিকেট ইতিহাসের এক মহান কিংবদন্তির জন্য খুব সাধারণ মানবিকতার ও বেঁচে থাকার মৌলিক অধিকারের প্রশ্ন। তিনি অবিলম্বে ইমরানের জন্য স্বাধীন ও বিশেষায়িত চিকিৎসাসেবা এবং একজন মানুষের প্রাপ্য পূর্ণাঙ্গ মর্যাদা নিশ্চিত করার জোর দাবি জানান।
উল্লেখ্য, ১৯৯২ সালে পাকিস্তানকে প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ পাইয়ে দিয়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমরান খান। পরবর্তীতে ক্রিকেট পিচ ছেড়ে রাজনীতির মাঠে প্রবেশ করে ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন দুর্নীতি ও অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত হয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে কারাবন্দি জীবন কাটাচ্ছেন। যদিও শুরু থেকেই ইমরান ও তার দল দাবি করে আসছে যে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও হাসপাতালেও পর্যাপ্ত চিকিৎসা না দিয়ে তাকে দ্রুত কারাগারে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, কারাবন্দি হওয়ার পর থেকে তার পরিবার, আইনজীবী ও চিকিৎসকরা শত শত বার তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন এবং তার সুচিকিৎসার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সরকারের এসব দাবির বিপরীতে আন্তর্জাতিক ক্রিকেটমহলে উদ্বেগ কমেনি বরং দিন দিন বেড়েই চলেছে। জাভেদ মিয়াঁদাদ ও মঈন খানের মতো পাকিস্তানের ঘরের তারকারাও এর আগে ইমরানের সুচিকিৎসার পক্ষে কথা বলেছেন। এখন ব্রায়ান লারার মতো বিশ্বখ্যাত তারকার এই জোরালো সংযোগ পুরো ইস্যুটিকে বিশ্ব মিডিয়ায় নতুন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








