ভিজিটর ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভ্রমণ ভিসা নিয়ে দেশটিতে গিয়ে কিছু নির্দিষ্ট কার্যক্রম করা যাবে না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এর মধ্যে রয়েছে বার্থ ট্যুরিজম, চাকরি করে পারিশ্রমিক নেওয়া, ডিগ্রি বা অ্যাকাডেমিক ক্রেডিটের জন্য পড়াশোনাসহ কয়েকটি কার্যক্রম।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়া, যা বার্থ ট্যুরিজম নামে পরিচিত, বি১/বি২ ভিসায় অনুমোদিত নয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজও এই ভিসায় করা যাবে না। ডিগ্রি বা অ্যাকাডেমিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে পারফরম্যান্স করাও ভ্রমণ ভিসার আওতায় পড়ে না।
আরও পড়ুন: কারাবন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বি১/বি২ ভিজিটর ভিসা মূলত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসার মতো নির্দিষ্ট উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। বি১ ভিসায় ব্যবসায়িক বৈঠক, সম্মেলন বা চুক্তি নিয়ে আলোচনার মতো কার্যক্রম করা গেলেও যুক্তরাষ্ট্রে চাকরি বা নিয়মিত কর্মসংস্থানে যুক্ত হওয়া অনুমোদিত নয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








