আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৯, ৫ সেপ্টেম্বর ২০২৬

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

ছবি: সংগৃহীত

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির লা পাজ বিভাগের ভিয়াচা শহরে অবস্থিত রেজিমিয়েন্তো ২ বলিভার সামরিক স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা রিতা নেব্রাস্কা জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে। বিস্ফোরণে অন্তত ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সামরিক সদস্য উভয়েই রয়েছেন।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী এরনেস্তো জাস্তিনিয়ানো জানান, আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক এবং ছয়জন সামরিক সদস্য।

প্রাথমিকভাবে জানা গেছে, সামরিক স্থাপনাটির এমন একটি এলাকায় বিস্ফোরণ ঘটে, যেখানে আতশবাজি বা বিস্ফোরকজাতীয় সামগ্রী সংরক্ষণ করা হচ্ছিল। তবে ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণের পর প্রচণ্ড শব্দ ও কম্পনে সামরিক স্থাপনার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তীব্র বিস্ফোরণে কাছাকাছি কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং স্থাপনার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছান।

স্থানীয় প্রতিবেদনে প্রথমে দুটি বিস্ফোরণের কথা বলা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, দ্বিতীয় বিস্ফোরণটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী ছিল। পরে ঘটনাস্থল নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং সম্ভাব্য আরও ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়।

ঘটনার কারণ এবং সামরিক স্থাপনায় বিস্ফোরকজাতীয় সামগ্রী কীভাবে সংরক্ষণ করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এদিকে, বিস্ফোরণের সঠিক কারণ ও হতাহতের চূড়ান্ত সংখ্যা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে। ফলে উদ্ধার ও যাচাই কার্যক্রম শেষে হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

এই বিস্ফোরণের ঘটনা এমন সময়ে ঘটল, যখন বলিভিয়ার সামরিক স্থাপনায় অস্ত্র ও গোলাবারুদ ব্যবস্থাপনা নিয়েও আলাদা তদন্ত চলছে। চলতি সপ্তাহে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সান্তা ক্রুজ বিভাগের একটি সামরিক রেজিমেন্টের গুদাম থেকে ৩৩ হাজার ৬০৮টি ৫.৫৬×৪৫ মিমি গুলি নিখোঁজ হয়েছে। ওই ঘটনারও তদন্ত চলছে।

আরও পড়ুন: সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

তবে ভিয়াচার বিস্ফোরণের সঙ্গে নিখোঁজ গোলাবারুদের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে এমন কোনো তথ্য এখন পর্যন্ত কর্তৃপক্ষ দেয়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়