আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৮, ৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:০০, ৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ‘চিকেনস নেকে’ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত

বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ‘চিকেনস নেকে’  নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক-এ নতুন একটি মহাসড়ক নির্মাণ করতে যাচ্ছে ভারত। জাতীয় সড়ক ২৭-এর সমান্তরালে ৩১ কিলোমিটার দীর্ঘ চার লেনের এই মহাসড়ক নির্মাণে প্রায় ২ হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সড়কপথে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই শিলিগুড়ি করিডোর। নেপাল ও বাংলাদেশের কাছাকাছি এবং চীন ও ভুটানের সীমান্তসংলগ্ন হওয়ায় সংকীর্ণ এই ভূখণ্ডটি ভারতের অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়করি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, নতুন মহাসড়ক নির্মাণে ২ হাজার ৭৭ কোটি ১৮ লাখ রুপি অনুমোদন করা হয়েছে। ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ সড়কটি জাতীয় মহাসড়ক ৩২৭ হিসেবে পরিচিত হবে। এটি পানিটাঙ্কি ও খড়িবাড়ি হয়ে বাগডোগরা থেকে বিহারের গলগলিয়াকে যুক্ত করবে এবং জাতীয় সড়ক ২৭ থেকে প্রায় ২০ থেকে ৩০ কিলোমিটার দূরত্ব বজায় রেখে সমান্তরালে চলবে।

প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে নিতিন গড়করি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের এই সড়ক উত্তর-পূর্ব ভারতের যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করবে। পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের দিকে যাতায়াতও সহজ হবে।

চার লেনের মহাসড়কটি চালু হলে বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিটাঙ্কি এলাকার যানজট কমবে। একই সঙ্গে বাগডোগরা বিমানবন্দরসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ উন্নত হবে। কৃষি, উদ্যানপালন, চা ও অন্যান্য স্থানীয় পণ্য দ্রুত বাজারজাত করতেও সড়কটি ভূমিকা রাখবে বলে জানান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পের আওতায় তিনটি বড় সেতু, একটি রোড ওভারব্রিজ, পাঁচটি হাতি চলাচলের বিশেষ আন্ডারপাস এবং মহাসড়কের দুই পাশে সার্ভিস রোড নির্মাণ করা হবে। কার্শিয়াং বন বিভাগের আওতাধীন কয়েকটি এলাকা হাতির চলাচলের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় বন্যহাতির নিরাপত্তায় বিশেষ এই ব্যবস্থা রাখা হয়েছে।

সাম্প্রতিক সময়ে শিলিগুড়ি করিডোরে প্রতিরক্ষা ও অবকাঠামো জোরদারে ভারত সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে বারাণসী থেকে নিউ জলপাইগুড়ি (এনজেপি) পর্যন্ত হাইস্পিড রেল করিডোর, শিলিগুড়ির কাছে ৩৫ কিলোমিটার ভূগর্ভস্থ রেললাইন এবং মালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চতুর্থ রেললাইন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন: ধনী হওয়ার কৌশল শেখানো সেই লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার

প্রতিরক্ষা ও আঞ্চলিক বিশেষজ্ঞদের মতে, জাতীয় সড়ক ২৭-এর বিকল্প ও সমান্তরাল এই চার লেনের মহাসড়ক নির্মাণ হলে শিলিগুড়ি করিডোরে ভারতের প্রতিরক্ষা পরিবহন ও পণ্য সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী হবে। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক যোগাযোগও উন্নত হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়