সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
সৌদি আরবের কাছে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত অস্ত্রের মধ্যে রয়েছে গাইডেড বোমা, গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদন দেয়। সংবাদমাধ্যম এনডিটিভি ও এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রির মাধ্যমে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে। এটি বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় আরও উন্নত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবিত চুক্তিটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে। এর মাধ্যমে নন-ন্যাটো গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবের নিরাপত্তা সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর সৌদি আরব ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
আরও পড়ুন: দিল্লিতে রেড অ্যালার্ট জারি, অতি ভারী বৃষ্টির আশঙ্কা
এদিকে, প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয়ে মার্কিন কংগ্রেসকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য এখনও আইনপ্রণেতাদের সম্মতি প্রয়োজন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








