স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৩, ৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:৪৪, ৪ সেপ্টেম্বর ২০২৬

চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের ব্যবস্থাপনায় ইতোমধ্যে পর্যাপ্ত হামের ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রথম ধাপের হামের টিকা দেওয়ার কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্যসেবার অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। সম্প্রতি তিনি দেশের ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। তার দাবি, গত ছয় মাসে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান আগের তুলনায় অনেক বেড়েছে এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা নিয়ে মন্ত্রী বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও যথাযথ ডিউটি নিশ্চিত করা হবে। হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতায় কোনো ত্রুটি থাকলে সাত দিনের মধ্যে তা সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ধর্ম পালনে কোনো বাধা বা মাস্তানি বরদাশত করা হবে না: আইনমন্ত্রী

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা, সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়