স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৪, ২ সেপ্টেম্বর ২০২৬

ফের কমলো সোনার দাম

ফের কমলো সোনার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২ সেপ্টেম্বর) সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করে বাজুস। সংগঠনটি জানিয়েছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ভ্যাটসহ ১৯ হাজার ৮৮০ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৮ হাজার ৯৮৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৩০০ টাকা, যা প্রতি ভরিতে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ১৩ হাজার ৩১৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে ৩১ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগে ২৯ আগস্ট একই মানের সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়। ফলে কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে আরও এক দফা কমল সোনার দাম।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৩০ টাকা, ২১ ক্যারেটের ৪১০ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪২৬ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলংকার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়ম বহাল থাকবে।

আরও পড়ুন: আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়