আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০১, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:০১, ৩১ আগস্ট ২০২৬

সাইপ্রাসের উপকূলে নৌযানডুবি, নিহত ৮

সাইপ্রাসের উপকূলে নৌযানডুবি, নিহত ৮

ছবি: সংগৃহীত

উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে একটি যাত্রীবাহী নৌযান ডুবে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। 

সোমবার (৩১ আগস্ট) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উত্তর সাইপ্রাসের স্বঘোষিত তুর্কি প্রশাসনের প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানিয়েছেন, নৌযানটিতে ২৫৯ জন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন। উপকূলীয় শহর কিরেনিয়া থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা শুরুর পর নৌযানটিতে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে সেটি ডুবে যায়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জাহাজের ক্যাপ্টেনসহ সাতজন ক্রু সদস্যকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন উস্তেল।

নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এতে তুরস্কের কর্তৃপক্ষও অংশ নিয়েছে। ঘটনাস্থলে হেলিকপ্টার ও কোস্টগার্ডের নৌযান পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের দ্রুত চিকিৎসা দিতে সৈকতে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

উস্তেল জানান, নৌযানটি শনিবার তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে যাত্রা বিলম্বিত হয়।

স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, নৌযানটি দুটি বড় ঢেউয়ের আঘাতে পড়ে। প্রথম ঢেউয়ের পর ক্যাপ্টেন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যেই দ্বিতীয় ঢেউ আঘাত হানলে নৌযানটিতে পানি ঢুকতে শুরু করে।

পরিবহনমন্ত্রী এরহান আরিকলি জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ১০০ জন যাত্রীকে তীরে আনা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং কোনো ধরনের গাফিলতি থাকলে তা খুঁজে বের করা হবে। দায়ী ব্যক্তি যে-ই হোন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানান, নিখোঁজদের উদ্ধারে উত্তর সাইপ্রাসের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়