সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়ার সময় রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চিকিৎসার জন্য তিনি ঢাকায় এসেছিলেন।
জানা গেছে, শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন রনজিনা। ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশাযোগে হাসপাতালের দিকে যাচ্ছিলেন তিনি।
রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে করে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিনা। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আশা করছি, খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








