ভারী বৃষ্টির শঙ্কায় মক্কায় রেড এলার্ট
ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র মক্কা প্রদেশে চরম প্রতিকূল আবহাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।
আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে অঞ্চলটিতে চলা অস্থির আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টিপাতের প্রেক্ষাপটে এই কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছে। আবহাওয়া দপ্তরের এই ঘোষণার পর থেকে পুরো প্রদেশে জরুরি অবস্থা বিরাজ করছে।
সৌদি সিভিল ডিফেন্সের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এই দুর্যোগ মোকাবিলায় সাধারণ নাগরিকদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার পাশাপাশি জলমগ্ন এলাকা, পাহাড়ি উপত্যকা এবং বাঁধের কাছাকাছি যাওয়া থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসনের জারি করা সকল নিরাপত্তা নির্দেশিকা ও গাইডলাইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, আবহাওয়া বিজ্ঞানের ভাষায় রেড অ্যালার্ট হলো এমন একটি সর্বোচ্চ সতর্কবার্তা, যা তখনই জারি করা হয় যখন জনজীবন ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন চরম আবহাওয়ার উপস্থিতি নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা: ইউএসজিএস
মক্কা প্রদেশের আবহাওয়া গত কলাপের ধরে স্বাভাবিক ছিল না। এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত এবং আল-কুনফুদাহ এলাকায় তীব্র ঝোড়ো হাওয়া, আকস্মিক শিলাবৃষ্টি, বজ্রপাত এবং এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যার (Flash Floods) আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল।
সাম্প্রতিক এই রেড অ্যালার্টের আওতায় কেবল মক্কাই নয়, বরং দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আসির, আল-বাহা এবং তায়েফের কিছু অঞ্চলেও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে জিজান, আসির ও মক্কা অঞ্চলের বিভিন্ন পাহাড়ি ও উপত্যকা এলাকায় বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং সক্রিয় ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রীষ্মের তীব্র দাবদাহের মাঝে হঠাৎ এই আবহাওয়া পরিবর্তনের ফলে সৌদি আরবের বিভিন্ন বড় শহরে তাপমাত্রার তারতম্য লক্ষ্য করা গেছে। তবে মক্কা ও এর আশপাশের অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে পোহাতে হচ্ছে বাড়তি দুর্ভোগ।
আবহাওয়া অধিদপ্তর ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের জরুরি টিমগুলো মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








