স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৬, ২৫ আগস্ট ২০২৬

ইনফান্তিনো কোনো ভুল করেননি, ফিফা সভাপতির পক্ষে ইতো

ইনফান্তিনো কোনো ভুল করেননি, ফিফা সভাপতির পক্ষে ইতো

ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন ক্যামেরুনের ফুটবল কিংবদন্তি ও দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি স্যামুয়েল ইতো। বিতর্কিত বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্ব পরিকল্পনা নিয়ে পদত্যাগের চাপের মুখে থাকা ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে ইতো বলেছেন, ফিফা সভাপতি কোনো ভুল করেননি।

বিশ্বকাপের পর ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক অংশীদারত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। এ পরিকল্পনার বিরোধিতা করে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় উয়েফা। পাশাপাশি কয়েকটি মহাদেশীয় ও জাতীয় ফুটবল ফেডারেশনও ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা জানিয়েছে।

তবে ইনফান্তিনোর বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন স্যামুয়েল ইতো। তিনি মনে করেন, ফিফা সভাপতির বিরুদ্ধে সমালোচনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখেই ইনফান্তিনোর বিরুদ্ধে সমালোচনা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

সিএনএনকে ইতো বলেন, আমি মনে করি না প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো কোনো ভুল করেছেন। আমার মনে হয় নির্বাচন আসন্ন, তাই এসবকিছুর জন্য এই সময়টা বেছে নেওয়া হয়েছে।

সম্প্রতি অনাস্থা ভোটের শঙ্কা বাড়ায় চাপের মুখে পড়েছেন ইনফান্তিনো। উয়েফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও কনকাকাফও তার নেতৃত্ব নিয়ে আস্থা হারানোর কথা জানিয়েছে। তবে চলতি মাসের শুরুতেই আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ইনফান্তিনোর প্রতি সর্বসম্মত সমর্থন জানিয়েছে। ইতোর বক্তব্যে সেই অবস্থান আরও দৃঢ় হলো।

ইন্টার মিলান ও বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা প্রথম খেলোয়াড় ইতো আফ্রিকার দেশগুলোকেও ইনফান্তিনোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ফুটবল বদলে দিয়েছেন। যারা আগে বিশ্বের সবচেয়ে সুন্দর এই টুর্নামেন্ট, বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেত না, তিনি তাদের জন্য সেই সুযোগ তৈরি করেছেন। ছোট দেশগুলোকে বড় প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দিয়েছেন।

আরও পড়ুন: শিরোপা ধরে রাখার মিশনে বার্সেলোনার দুর্দান্ত শুরু

আফ্রিকান ফুটবলের উন্নয়নেও ইনফান্তিনোর ভূমিকার প্রশংসা করেন ইতো। তার দাবি, আফ্রিকার ফুটবল ফেডারেশনগুলোর উন্নয়নে ফিফা সভাপতির কাছ থেকে সহযোগিতা এসেছে। তাই তার অবদানকে স্বীকৃতি দেওয়া উচিত।

ইতোর মতে, এখন পর্যন্ত ফুটবলের উন্নয়নে ইনফান্তিনো যে ভূমিকা রেখেছেন, তার জন্য তাকে সমর্থন ও স্বীকৃতি দেওয়া উচিত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়