ভারত সরে দাঁড়ানোয় আসিয়ান কাপে সুযোগ পেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
ফিফার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ায় আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকল না। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে আট দলীয় এই টুর্নামেন্ট।
আসিয়ান অঞ্চলের ছয় দলের সঙ্গে এবারের আসরে খেলবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান। শুরুতে অবশ্য টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পায়নি এই দুই দেশ।
চীন নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় পাকিস্তানের সুযোগ হয়। অন্যদিকে, শেষ মুহূর্তে ভারত সরে দাঁড়ালে বিকল্প হিসেবে বাংলাদেশের নাম আলোচনায় আসে। গত সপ্তাহে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাধিক কর্মকর্তা আসিয়ান কাপে খেলার আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
এরপর গত শুক্রবার বাফুফের জাতীয় দল কমিটি জরুরি সভা করে টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের। অবশেষে সেই অনুমোদন পাওয়ায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
কোচ থমাস ডুলি হোম টুর্নামেন্টে খেলার আগ্রহ দেখালেও আসিয়ান কাপে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন। বাফুফের জন্য এই টুর্নামেন্টে অংশ নিতে কোনো খরচও হবে না। ফলে ফিফার অনুমোদন পাওয়ার পর দলটির সামনে এখন টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতিই মূল বিষয়।
আরও পড়ুন: শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
আসিয়ান কাপে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। টুর্নামেন্টে বাংলাদেশ সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে।
গ্রুপ পর্বে বাংলাদেশ সেরা হলে সরাসরি ফাইনালে খেলার সুযোগ পাবে। আর গ্রুপে শীর্ষে থাকতে না পারলে স্থানীয় নির্ধারণী ম্যাচে অংশ নেবে দলটি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








