স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৯, ২৩ আগস্ট ২০২৬

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শপথ নিয়ে প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রীতি অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার দেওয়া হয়।

মির্জা ফখরুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নির্ধারিত প্রটোকল অনুযায়ী বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এরপর অনুষ্ঠিত হয় গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও আজ থেকে শুরু হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।

পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার রাষ্ট্রীয় কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

আরও পড়ুন: দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়