আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৮, ২১ আগস্ট ২০২৬

পানামা খালে জাহাজ চলাচলে ফের বিধিনিষেধ

পানামা খালে জাহাজ চলাচলে ফের বিধিনিষেধ

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন ও এল-নিনোর প্রভাবে তীব্র খরার মুখে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ পানামা খাল। কৃত্রিম জলাধারে পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আগামী সেপ্টেম্বর থেকে খালটিতে প্রতিদিন জাহাজ চলাচলের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে পানামা খাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রশাসনিক ঘোষণায় কর্তৃপক্ষ জানায়, পানির স্তর সংরক্ষণে প্রতিদিন নির্দিষ্টসংখ্যক জাহাজকে পানামা খাল ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ৩৪টি জাহাজকে খাল অতিক্রমের সুযোগ দেওয়া হবে। পরে ১৫ সেপ্টেম্বর থেকে এই সংখ্যা আরও কমিয়ে দৈনিক ৩২টিতে নামিয়ে আনা হবে। স্বাভাবিক সময়ে এই জলপথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করে।

পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘস্থায়ী অনাবৃষ্টি ও এল-নিনোর প্রভাবে খালের পানির অন্যতম প্রধান উৎস কৃত্রিম গাতুন লেকের পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে গেছে। পানির গভীরতা কমে যাওয়ায় বড় আকারের পণ্যবাহী জাহাজের ড্রাফটজনিত জটিলতা তৈরি হচ্ছে। এতে নৌচলাচলের স্বাভাবিক নিরাপত্তাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পানামা খালের ওপর নির্ভরশীল। ফলে নতুন করে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের কারণে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় জট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্ব বাণিজ্য বিশ্লেষকেরা। একই সঙ্গে পণ্য পরিবহনের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

আরও পড়ুন: পেরুতে শক্তিশালী ভূমিকম্প

এর আগে ২০২৩ সালেও চরম খরা ও পানির সংকটের কারণে পানামা খালে জাহাজ চলাচল স্বাভাবিক সক্ষমতার তুলনায় প্রায় ৩৬ শতাংশ কমিয়ে আনা হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়