নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৩, ১৯ আগস্ট ২০২৬

হলফনামায় তথ্য গোপন, হান্নান মাসউদের পদ বাতিলের রিট

হলফনামায় তথ্য গোপন, হান্নান মাসউদের পদ বাতিলের রিট

ফাইল ছবি

হলফনামায় তথ্য গোপন এবং জালিয়াতির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল বা শূন্য ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা মো. নাজমুল হোসেনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইব্রাহিম খলিল এই রিটটি দায়ের করেন। 

রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকেও চ্যালেঞ্জ করা হয়েছে বলে জানান রিটকারীর আইনজীবী।

আরও পড়ুন: হাইকোর্টে ১২ দিনে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি

আইনজীবী সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিট আবেদনটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

রিট আবেদনে অভিযোগ করা হয়েছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জমা দেওয়া নির্বাচনি হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে, যা প্রচলিত নির্বাচনী বিধিমালার লঙ্ঘন। এই অভিযোগের ভিত্তিতেই তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন আবদুল হান্নান মাসউদ। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ও আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় রাজনীতিতে পরিচিতি লাভ করা হান্নান মাসউদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) যুক্ত হন এবং এই নির্বাচনে বিজয়ীদের মধ্যে অন্যতম কনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে আলোচনায় আসেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়