আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৮, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:০৯, ১৭ আগস্ট ২০২৬

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। অগভীর হওয়ায় স্থানীয়ভাবে কম্পনটি বেশ শক্তিশালীভাবে অনুভূত হয়ে থাকতে পারে।

ফ্লোরেস অঞ্চলটি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের অন্তর্ভুক্ত। অঞ্চলটিতে আটটি রিজেন্সি বা স্থানীয় প্রশাসনিক ইউনিট রয়েছে।

এর আগে গত শনিবার (১৫ আগস্ট) একই প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল ফ্লোরেস অঞ্চলে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। মূল ভূমিকম্পের পর কয়েক ঘণ্টায় সেখানে ৩৪১টি পরাঘাত অনুভূত হয়।

শক্তিশালী ওই ভূমিকম্পে পূর্ব নুসা তেঙ্গারার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা বিএনপিবি জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৫৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে উত্তর সুমাত্রা প্রদেশেও ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পেমাতাংসিয়ানতার শহর থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল ১৮৩ দশমিক ২ কিলোমিটার।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে রোববার পূর্ব নুসা তেঙ্গারা প্রাদেশিক সরকার ১৪ দিনের জরুরি অবস্থা ঘোষণা করে। স্থানীয় সংবাদমাধ্যম অন্তরা নিউজ জানিয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসায় নতুন শর্ত সৌদি আরবের

এর মধ্যেই জরুরি অবস্থা ঘোষণার পরদিন ফ্লোরেস অঞ্চলে নতুন করে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানায় ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়