আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৪, ১৭ আগস্ট ২০২৬

মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসায় নতুন শর্ত সৌদি আরবের

মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসায় নতুন শর্ত সৌদি আরবের

ছবি: সংগৃহীত

একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুবিধাযুক্ত ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন হলেও প্রতিবার প্রবেশের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব।

রবিবার (১৬ আগস্ট) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় জানিয়েছে, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের জন্য পারমিট সংগ্রহ করতে হবে।

জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ভিসার পুরো মেয়াদে সৌদি আরবে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যবস্থার লক্ষ্য হলো মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি নির্ধারণে আরও সুবিধা দেওয়া। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না।

এ ছাড়া প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট নিতে হবে। পারমিটে উল্লেখিত তারিখ সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রে নুসুকে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর ভিসার আবেদনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরবে যাওয়ার আগে ভ্রমণকারীর যোগ্যতাও যাচাই করা হবে।

সৌদি আরবে পৌঁছানোর পর ভিসাধারীর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। দেশ ছাড়ার তথ্যও পরবর্তীতে হালনাগাদ করা হবে। এর মাধ্যমে ৯০ দিনের সম্মিলিত অনুমোদিত অবস্থানের মধ্যে কত দিন ব্যবহার হয়েছে এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।

আরও পড়ুন: ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেই প্রতিবার সরাসরি সৌদি আরবে প্রবেশ করা যাবে না। প্রতিটি ওমরাহ সফরের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং নতুন করে ওমরাহ পারমিট নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়