যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১
ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার সমস্ত জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে দক্ষিণ লেবাননে ফের তীব্র সামরিক আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
শনিবার (১৫ আগস্ট) ভোরের দিকে লেবাননের নাবাতিয়াহ জেলার আনসার ও দেইর আল-জাহরানি এলাকায় চালানো এই ভয়াবহ বিমান হামলায় তিন শিশু ও দুই নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। জুনের যুদ্ধবিরতি চুক্তির পর লেবাননে একদিনে ঘটা এটিই সবচেয়ে বড় ও প্রাণঘাতী হামলার ঘটনা, যা পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি করেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে রাজধানী বৈরুত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণের আনসার শহরের উপকণ্ঠে একটি আবাসিক বাড়িতে অতর্কিত বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ওই বাড়িটিতে বাস্তুচ্যুত বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছিল। এই হামলায় একই পরিবারের সাত সদস্যসহ মোট সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন। এরপর দিনের বেলা দেইর আল-জাহরানি শহরে আরও কয়েকটি বিমান হামলা চালানো হলে সেখানে আরও চারজন নিহত এবং অন্তত ১৭ জন আহত হন। সব মিলিয়ে এই দুই পৃথক হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণ মানুষ যে এলাকাগুলোকে নিরাপদ মনে করে আশ্রয় নিয়েছিল, সেখানেই এই মর্মান্তিক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। হামলায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে একাধিক বসতবাড়ি, এবং ধোঁয়া ও ধুলোয় আচ্ছন্ন হয়ে পড়েছিল চারপাশের জনপথ।
ইসরায়েলি সামরিক বাহিনী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এই হামলার পক্ষে সাফাই গেয়ে বলা হয়েছে যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলি আল-তাহের রিজ এলাকায় হিজবুল্লাহর সশস্ত্র যোদ্ধাদের হামলায় তিন ইসরায়েলি সেনা গুরুতর আহত হওয়ার পর এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়।
আইডিএফের দাবি, আনসারে চালানো নির্দিষ্ট ওই হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের একটি ব্যাটালিয়নের কমান্ডার আলি সামির আল-হাজ হাসান নিহত হয়েছেন।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে আমিরাতের দুই তেলবাহী জাহাজে হামলা
ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই কমান্ডার সামরিক সদর দপ্তরের আড়ালে তার পরিবারের সদস্যদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিলেন। তবে ইসরায়েল দাবি করেছে যে পরিবারটি তাদের লক্ষ্যবস্তু ছিল না, বরং হাসান আন্তর্জাতিক আইনের আওতায় একজন বৈধ সামরিক লক্ষ্য ছিলেন।
অন্যদিকে হিজবুল্লাহ এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে এবং জানিয়েছে যে বেসামরিক নাগরিকদের সুপরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানোর পর ইসরায়েল এখন তাকে সামরিক স্থাপনা হিসেবে প্রমাণের মিথ্যা অপচেষ্টা চালাচ্ছে।
এই রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, নিহতরা সবাই বেসামরিক নাগরিক ছিলেন এবং সেখানে কোনো ধরনের সামরিক অবকাঠামো ছিল না। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, লেবাননের ভূখণ্ডে কোনো সামরিক কাঠামো বা স্থাপনা ধ্বংস করার একচ্ছত্র অধিকার কেবল লেবানিজ রাষ্ট্র ও সেনাবাহিনীর রয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে যুদ্ধবিরতি কাঠামোর স্পষ্ট লঙ্ঘন ও বেসামরিক সুরক্ষা আইনের অবমাননা বলে অভিহিত করেছেন।
তার মতে, আসন্ন রোম বৈঠকের আগে মার্কিন মধ্যস্থতায় চলা শান্তি প্রক্রিয়া বানচাল করতেই ইসরায়েল এই সুস্পষ্ট বার্তা পাঠিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এই আগ্রাসনকে গণহত্যা ও লেবাননের দক্ষিণাঞ্চলকে জনশূন্য করার সুদূরপ্রসারী চক্রান্ত বলে আখ্যায়িত করেছেন।
এদিকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক তীব্র প্রতিক্রিয়ায় লেবানন সরকারকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে চলমান অপমানজনক ও ব্যর্থ সরাসরি আলোচনা অবিলম্বে বয়কট করার আহ্বান জানিয়েছে। গোষ্ঠীটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত ও কড়া জবাব দেওয়া হবে।
গত জুনে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও বাস্তবে তার কোনো স্থায়ী সুফল মেলেনি। চুক্তি অনুযায়ী লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাপ্রত্যাহার এবং হিজবুল্লাহর অস্ত্র সংবরণের কথা থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সাফ জানিয়ে দিয়েছেন যে, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না। বর্তমানে লেবাননের প্রায় ৭ শতাংশ ভূখণ্ড বা প্রায় ৭০০ বর্গকিলোমিটার এলাকা এখনও ইসরায়েলি বাহিনীর সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তবর্তী বিনতে জবেইলে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া এবং ঐতিহাসিক স্থাপনা ও কবরস্থান ধ্বংসের মহোৎসব চলছে। সবমিলিয়ে চলমান এই রক্তপাত ও পাল্টাপাল্টি হামলার জেরে পুরো অঞ্চলে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে।
নিউজবাংলাদেশ.কম/পলি








