অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ করব: তানজিন তিশা
তানজিন তিশা। ছবি: সংগৃহীত
শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জামিনের পর আদালত প্রাঙ্গণে মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১২ জুলাই একই আদালত তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।
আদালত প্রাঙ্গণে তিশা বলেন, তার বিরুদ্ধে অভিযোগকারী একজন নারী। ওই নারীর স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে এবং বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এ-সংক্রান্ত অনেক তথ্য তার কাছে রয়েছে, যা সময়মতো প্রকাশ্যে আনবেন বলেও জানান তিনি।
মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিশা বলেন, মাত্র ২৭ হাজার টাকার একটি শাড়ি আত্মসাতের অভিযোগে আমাকে আদালতে দাঁড়াতে হচ্ছে। বিগত ১৫ বছর ধরে আমি সততার সঙ্গে বিনোদনজগতে কাজ করছি। দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একটি শাড়ির জন্য আদালতে দাঁড়াতে হবে, এটা আমার বা কোনো শিল্পীর জন্যই কাম্য নয়।
বাদীকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, তিনিও একজন নারী এবং তারও পরিবার ও ব্যক্তিগত জীবন রয়েছে। একজন নারী হয়ে আরেকজন নারীকে এভাবে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিশা।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কাউকে যেন এমন উদ্দেশ্যে হয়রানি করা না হয়। আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: ৭২ লাখ টাকার ব্যাগ-ঘড়ি নিয়ে সংসদে কঙ্গনা
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার আদালতে মামলাটি করা হয়। অভিযোগে বলা হয়, একটি শাড়ি নেওয়ার পর এর মূল্য পরিশোধ না করে তানজিন তিশা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








