স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৯, ৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৪০, ৯ আগস্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডন আটক

সালমান শাহ হত্যা মামলায় ডন আটক

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক থাকলেও বিষয়টি নিয়ে দীর্ঘ সময় কার্যকর কোনো তদন্ত হয়নি।

পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পান সালমান শাহ। তার পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সালমান শাহর মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। তবে পুলিশের বক্তব্য ছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সেটি স্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা মামলায় রূপ নেবে।

আরও পড়ুন: বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। অভিনয়, ব্যক্তিত্ব ও জনপ্রিয়তার কারণে অল্প সময়েই তিনি দর্শক ও সমালোচকদের কাছে ঢালিউডের অন্যতম উজ্জ্বল তারকায় পরিণত হন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়