কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
নিহত মো. তারা মিয়া (২০)। ছবি: সংগৃহীত
ব্যাপক সমালোচনার পরও বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা থামছে না। সর্বশেষ মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে মো. তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের গতিরোধের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।
স্থানীয় সূত্র জানায়, তারা মিয়াসহ ওই যুবকেরা ভারতীয় নাসির পাতার বিড়ি আনতে সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় প্রবেশ করেছিলেন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে ফাস্টফুডের দোকানে আগুন
বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ শোনার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








