নাটোরে বাস-নছিমনের সংঘর্ষে ৩ গরু ব্যবসায়ী নিহত
ছবি: সংগৃহীত
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার হাজিরহাট তালবাড়িয়া গ্যাসপাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া এলাকার আক্কাস আলী (৫৮) এবং তার ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৮)।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাসটির সামনের অংশ ও কাচ ক্ষতিগ্রস্ত হলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি। তবে নছিমনে থাকা তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।
ওসি জানান, আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আক্কাস আলীকে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অপর গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
আরও পড়ুন: গুলশানে রেস্তোরাঁয় গোপন বৈঠক, আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি মনিরুজ্জামান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








