তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৭, ৯ আগস্ট ২০২৬

এক্সে বন্ধ হচ্ছে রেভিনিউ শেয়ারিং

এক্সে বন্ধ হচ্ছে রেভিনিউ শেয়ারিং

ছবি: সংগৃহীত

এক্সে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে নতুন অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মৌলিক লেখা, প্রতিবেদন, ছবি, ভিডিও, মিমসহ বিভিন্ন সৃজনশীল কনটেন্টের জন্য নির্মাতাদের অর্থ দেবে প্ল্যাটফর্মটি।

একই সঙ্গে আগামী ৭ সেপ্টেম্বর থেকে বিদ্যমান রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে এক্স। ফলে নিম্নমানের বা অনুলিপি কনটেন্ট জনপ্রিয় হলেও তা থেকে আর আয় করার সুযোগ থাকবে না।

এক্সের তথ্যমতে, নতুন কর্মসূচিতে কনটেন্টের যোগ্য প্রদর্শনের ভিত্তিতে নির্মাতাদের অর্থ দেওয়া হবে। নিজের লেখা বা প্রতিবেদন, নিজে তোলা ছবি ও ভিডিও এবং নিজস্ব মিম বা ইলাস্ট্রেশনকে মৌলিক কনটেন্ট হিসেবে বিবেচনা করা হবে।

অন্যের তৈরি কনটেন্ট ব্যবহার করেও আয় করা যাবে। তবে শুধু পুনরায় প্রকাশ করলে হবে না; এর সঙ্গে অর্থবহ মন্তব্য, বিশ্লেষণ বা নিজস্ব দৃষ্টিভঙ্গি যুক্ত করতে হবে। অন্যের ছবি বা ভিডিওতে সৃজনশীল সম্পাদনা করলেও সেটি মৌলিক কনটেন্ট হিসেবে বিবেচিত হতে পারে।

তবে শুধু ক্যাপশন বা কিছু লেখা যুক্ত করে অন্যের কনটেন্টে কী ঘটছে, তা বর্ণনা করলে সেটিকে মৌলিক কনটেন্ট হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ অন্যের কনটেন্টে উল্লেখযোগ্য নতুনত্ব বা মূল্য সংযোজন না থাকলে তা থেকে আয়ের সুযোগ থাকবে না।

নতুন কর্মসূচিতে অংশ নিতে নির্মাতার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি আয় কর্মসূচি চালু রয়েছে এমন দেশে বসবাসের পাশাপাশি এক্সের প্রিমিয়াম, প্রিমিয়াম প্লাস অথবা প্রিমিয়াম বিজনেস সাবস্ক্রিপশন থাকতে হবে।

এ ছাড়া নির্মাতার অন্তত ৫০০ জন ভেরিফায়েড ফলোয়ার এবং গত ৯০ দিনে যাচাই করা ব্যবহারকারীদের কাছ থেকে হোম টাইমলাইনে অন্তত ৫ লাখ ভিউ থাকতে হবে। আয়ের হিসাবের ক্ষেত্রে কনটেন্টের মোট ভিউয়ের মধ্যে শুধু প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া ভিউ বিবেচনা করা হবে।

গত মার্চে রেভিনিউ শেয়ারিং কর্মসূচিতে পরিবর্তন এনেছিল এক্স। তখন ব্যবহারকারীর নিজ অঞ্চলের দর্শকদের কাছ থেকে পাওয়া সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়া কিছু জনপ্রিয় অ্যাকাউন্ট নিয়ে বিতর্কের পর এ পরিবর্তন আনা হয়েছিল বলে ধারণা করা হয়।

আরও পড়ুন: প্রথমবার এআই দিয়ে নতুন ভাইরাস তৈরি করলেন মার্কিন গবেষকরা

চলতি বছরের শুরুতে জানা যায়, যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে পোস্ট করা বেশ কিছু জনপ্রিয় অ্যাকাউন্টের পরিচালকেরা প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রে বসবাস করেন না। তবে নতুন রিওয়ার্ড প্রোগ্রামে আগের মতো ব্যবহারকারীর নিজ অঞ্চলের দর্শকদের সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি এক্স। সূত্র: এনগ্যাজেট

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়