জেআইসিতে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত
এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার (৮ আগস্ট) দুপুরে ডিজিএফআই সদর দপ্তরে অবস্থিত জেআইসি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জেআইসির একটি সেলে আনা হয়েছিল এবং তার ওপর নির্যাতন করা হয়েছিল। আমাদের তদন্তে বিভিন্ন সাক্ষীর বক্তব্য থেকেও এ তথ্য পাওয়া গেছে।
জেআইসি পরিদর্শনের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে আয়নাঘর হিসেবে পরিচিত জেআইসি পরিদর্শন করা হয়েছে। এখানে মানুষকে ধরে এনে বন্দি রেখে অত্যাচার ও নির্যাতন করা হতো। পরিদর্শনের মাধ্যমে সেই নির্মম চিত্র কিছুটা অনুভব করা গেছে।
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর জেআইসি সেলের অনেক আলামত ও অসংখ্য তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের কোনো নাগরিক অপরাধ করলে অবশ্যই তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু কেউ যেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অহেতুক হয়রানির শিকার না হন, সেটিই আমরা চাই।
তিনি আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে জেআইসি পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: ওষুধের পাশাপাশি রোগীকে সচেতন করাও চিকিৎসকের কাজ: প্রধানমন্ত্রী
পরিদর্শনের গুরুত্ব তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং সেখানে থাকা আলামত ও তথ্য-প্রমাণ সম্পর্কে ধারণা নেওয়া ন্যায়বিচারের স্বার্থে গুরুত্বপূর্ণ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








