আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৬, ৮ আগস্ট ২০২৬
আপডেট: ১০:২৭, ৮ আগস্ট ২০২৬

হাসিনার প্রেস ব্রিফিংয়ে ভারতের সংশ্লিষ্টতা নেই: ভারত

হাসিনার প্রেস ব্রিফিংয়ে ভারতের সংশ্লিষ্টতা নেই: ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আপত্তি সত্ত্বেও গত ৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এ বিষয়ে ঢাকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

হাসিনার ওই প্রেস ব্রিফিংয়ের দুই দিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারত। শুক্রবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে রণধীর জয়সওয়াল দাবি করেন, শেখ হাসিনাকে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। একইসঙ্গে ওই ব্রিফিংয়ে বাংলাদেশ সরকারকে নিয়ে হাসিনা যেসব মন্তব্য করেছেন, সেসবেরও কোনো সমর্থন নয়াদিল্লির নেই বলে জানান তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে সরকারের কোনো অবদানও নেই। আমি বিষয়টি আবারও পুনর্ব্যক্ত করছি।

প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনা ও অন্যদের দেওয়া বক্তব্যের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ওই প্রেস ব্রিফিংয়ে বলা কোনো কথাকেই ভারত সরকার সমর্থন করে না। বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকার সম্পর্কে দেওয়া কোনো মন্তব্য তো নয়ই।

এদিকে গত ৫ আগস্টের ওই ব্রিফিংয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেন, ভারতের পূর্ব দিকের প্রতিবেশী বাংলাদেশ এখন পাকিস্তানে পরিণত হচ্ছে এবং দেশটিতে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করছে।

এ বিষয়ে রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি জানতে চান, জয়ের ওই বক্তব্যকে ভারত সরকার সমর্থন করে কি না এবং এ বিষয়ে নয়াদিল্লি কোনো পদক্ষেপ নিচ্ছে কি না।

আরও পড়ুন: ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আমাদের একেবারে পাশের প্রতিবেশীর ওপর গভীর নজর রাখি, বিশেষ করে যেসব বিষয় আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। এ ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা সেগুলো নিই।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়