আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৪, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১২:২৫, ১২ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে দেশটি। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সফর এবং নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের নিয়ম অনুযায়ী, বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়।

বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান বাংলাদেশ। এ কারণেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত।

গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এ আমন্ত্রণ জানানো হয়।

ব্রিফিংয়ে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈনের দুই দিনের বাংলাদেশ সফর নিয়েও প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জানতে চান, সফরকালে র-প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন কি না এবং ওই সফরের উদ্দেশ্য কী ছিল।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কিছুই জানা নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। সোমবার ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ফিরেই মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

তিনি বলেন, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন এবং সরকার গঠনের দিন সেই চিঠি হস্তান্তর করা হয়েছে। সেখানে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। দুই ধরনের আমন্ত্রণই সরকার পর্যালোচনা করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়