শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তিশার জামিন
ছবি: সংগৃহীত
অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর তা পরিধান ও প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করা এবং মূল্য পরিশোধের অভিযোগে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এই অভিনেত্রী।
সকাল ১১টা ২৫ মিনিটে মামলাটির শুনানি শুরু হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ৫ নভেম্বর অ্যাপোনিয়ার ফ্যাশন (Aponia Fashion) নামক অনলাইন শপের পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেছিলেন তানজিন তিশা।
দেশীয় ফ্যাশন ব্র্যান্ডটির উদ্যোক্তা ঝিনুকের দেওয়া তথ্য অনুযায়ী, তানজিন তিশার জনপ্রিয়তার কথা বিবেচনা করে তাকে শাড়িটি পরিধান করে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পেজটির প্রচার করার শর্তে শাড়িটি পাঠানো হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি প্রমোশন করেননি এবং পেজ কর্তৃপক্ষের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
আরও পড়ুন: ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ, রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের রিট
এই ঘটনায় প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে ২০২৫ সালের ৫ নভেম্বর ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। মামলাটি আমলে নিয়ে আদালত সে সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন।
পরবর্তী সময়ে ডিবির পক্ষ থেকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ১২ জুলাই আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। নির্ধারিত দিনে আদালতে হাজির হয়ে জামিন নিলেন এই অভিনেত্রী।
এদিকে মামলা ও আইনি নোটিশের বিষয়টি জানাজানির পর গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন তানজিন তিশা।
সে সময় তিনি দাবি করেছিলেন, পেজ থেকে পাঠানো শাড়িটি তাকে উপহার (গিফট) হিসেবে দেওয়া হয়েছিল। এ নিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, উপহার নিয়ে পরে প্রতারক হয়ে গেলাম! আর যদি প্রপার ফটোশুট বা প্রচারণা চেয়ে থাকেন, তবে পারিশ্রমিক কোথায়?
অন্যদিকে ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, প্রমোশনের শর্তে দেওয়া উপহার বা পণ্যের ক্ষেত্রেও পেশাদারিত্ব এবং আস্থার বিষয় থাকে, যা লঙ্ঘিত হওয়ায় তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








