জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৩, ১১ আগস্ট ২০২৬

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তির বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে যশোরগামী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সংঘর্ষের পর উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধার অভিযানে যোগ দেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: ভাইরাল মিজান গ্রেফতার

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত ১৫ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়