প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক ডেলের ব্যবসাপ্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (৯ আগস্ট) সকালে উত্তরার একটি ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত প্রথমে টাকাবাহী গাড়িটির গতিরোধ করে। পরে গাড়িতে ধাক্কা দিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রল পাম্পের। প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত তাসীন আক্তার হক ডেল। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএল পেট্রল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়া হয়। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবসে একসঙ্গে জমা দেওয়া হয়। এ কারণে রোববার তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেওয়া হচ্ছিল।
ঘটনার পর পেট্রল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে। ঘটনার আশপাশের অন্তত ৫০টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে। ফুটেজে দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন: রেকর্ড লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশ: জ্বালানি সংকটে অন্ধকারে জনজীবন
পুলিশ বলছে, তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। দ্রুতই ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








