বাংলাদেশ ভ্রমণে নতুন সতর্কতা জারি করল কানাডা
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সফরসংক্রান্ত ভ্রমণ সতর্কবার্তায় নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাসী হামলা, স্বাস্থ্যঝুঁকি ও স্থানীয় আইনের বিষয়ে সতর্ক করেছে।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। যেকোনো সময় বিক্ষোভ বা রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা দেখা দিতে পারে। এর ফলে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং যান চলাচলসহ যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সতর্কবার্তায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ও অপহরণের ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির এলাকায় প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত বলেও জানানো হয়েছে।
ঢাকায় সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে কানাডা। হোটেল, উপাসনালয় ও পর্যটনকেন্দ্রের মতো জনসমাগমপূর্ণ স্থানে অতীতে হামলার ঘটনা ঘটেছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। বিদেশি নারীদের রাতে একা চলাচল না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যঝুঁকির বিষয়েও সতর্ক করা হয়েছে। বাংলাদেশে টাইফয়েড, হেপাটাইটিস ও ডেঙ্গুর মতো রোগের ঝুঁকি রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি দেশের চিকিৎসাব্যবস্থা অনেক ক্ষেত্রে অপ্রতুল হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। গুরুতর অসুস্থতার ক্ষেত্রে রোগীকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে স্থানান্তরের প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছে কানাডা সরকার।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল
বাংলাদেশের স্থানীয় আইন সম্পর্কেও নাগরিকদের সতর্ক করেছে কানাডা। মাদকসংক্রান্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। মুসলিমদের জন্য মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং সরকারি স্থাপনার ছবি তোলার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








