ইংলিশ কাউন্টিতে ডাক পেলেন শরিফুল
শরিফুল ইসলাম। সংগৃহীত ছবি
বাংলাদেশের পেসারদের জন্য ইংলিশ কাউন্টিতে খেলার সুযোগ আরও বাড়ছে। হাসান মাহমুদের পর এবার তার দল কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার প্রস্তাব পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চারটি ম্যাচের জন্য শরিফুলকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে কেন্ট। বিষয়টি শরিফুলের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে। তবে ইংলিশ ক্লাবটির হয়ে খেলতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন হবে। বর্তমানে সেই অনুমতির অপেক্ষায় রয়েছেন শরিফুল ও কেন্ট কর্তৃপক্ষ।
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ২৫ বছর বয়সী এই পেসার। তবে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এরই মধ্যে ফিটনেস পরীক্ষাও দিয়েছেন তিনি। বিসিবির মেডিকেল বিভাগ থেকে সবুজ সংকেত পেলেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন শরিফুল।
চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশের টেস্ট দলে শুরুতে শরিফুলকে রাখা হয়নি। তবে দল ঘোষণার সময় জানানো হয়েছিল, ফিটনেস প্রমাণ করতে পারলে সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তাকে বিবেচনা করা হতে পারে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সেপ্টেম্বরে কেন্টের হয়ে খেলার জন্য এনওসি পাওয়ার সম্ভাবনা রয়েছে শরিফুলের। অনুমতি পেলে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হবেন তিনি। এর আগে সাকিব আল হাসান ও হাসান মাহমুদ ইংলিশ কাউন্টিতে খেলেছেন।
শরিফুলের সঙ্গে একই দলে এরই মধ্যে খেলছেন হাসান মাহমুদ। আগামী মাসে কেন্টের হয়ে চারটি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে এই ডানহাতি পেসারের।
আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে সরাসরি বাংলাদেশের জায়গা নিশ্চিত
চলতি মৌসুমে কেন্টের হয়ে প্রথম দফায় দুটি ম্যাচ খেলেছেন হাসান। দেশে ফেরার আগে চার ইনিংসে নিয়েছেন ১২ উইকেট। এর মধ্যে এক ইনিংসে মাত্র ৬৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








