২০২৭ বিশ্বকাপে সরাসরি বাংলাদেশের জায়গা নিশ্চিত
ফাইল ছবি
দীর্ঘদিনের অপেক্ষা, হিসাব-নিকাশ ও শঙ্কার অবসান হয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বাছাইপর্বে খেলার পথে যেতে হচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। বিশ্বকাপে জায়গা পেতে এটি হবে ক্যারিবীয়দের টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বে অংশগ্রহণ।
বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই চলছিল। এর মধ্যে আফগানিস্তান সবার আগে এবং এরপর বাংলাদেশ বাছাইপর্ব না খেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য নির্ধারিত কাট-অফ তারিখে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ দলগুলোকে বিবেচনা করা হবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে থাকায় র্যাংকিংয়ের হিসাবেও তাদের আলাদা করে বিবেচনা করা হচ্ছে।
বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর বাংলাদেশের অবস্থানও নিরাপদ হয়ে যায়। ফলে র্যাংকিংয়ের হিসাব অনুযায়ী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে আফগানিস্তানও সরাসরি বিশ্বকাপে খেলবে।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের সামনে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ আর নেই। আগামী ৩০ সেপ্টেম্বরের আগে ভারতের বিপক্ষে তাদের দুটি ওয়ানডে ম্যাচ রয়েছে। তবে ওই ম্যাচগুলোর ফল বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার মতো অবস্থায় নিতে পারবে না ক্যারিবীয়দের।
আরও পড়ুন: ইনফান্তিনো যুগ শেষ: তেবাস
ফলে একদিকে বাংলাদেশের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে জায়গা করে নিতে বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করতে ব্যর্থ হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








