এক ভোটের ব্যবধানে অ্যালান বোর্ডার মেডেল জিতলেন ট্রাভিস হেড
ট্রাভিস হেড। ছবি: সংগৃহীত
মাত্র এক ভোটের ব্যবধানে অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ককে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড। এর মধ্য দিয়ে অ্যালান বোর্ডার মেডেল জিতেছেন তিনি।
২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এ নির্বাচন করা হয়। এতে হেড পেয়েছেন ১৫৩ ভোট, ক্যারি ১৫২ এবং স্টার্ক ১৫০ ভোট।
টানা দ্বিতীয়বার এবং ষষ্ঠ ক্রিকেটার হিসেবে একাধিকবার অ্যালান বোর্ডার মেডেল জিতলেন হেড। এর আগে এ কীর্তি গড়েছেন রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথ চারবার করে; ডেভিড ওয়ার্নার তিনবার এবং শেন ওয়াটসন দুবার।
ব্রিসবেনে শনিবার (৮ আগস্ট) এক অনুষ্ঠানে হেডের হাতে মেডেল তুলে দেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার নিজেই।
পুরস্কার জয়ের পর হেড বলেন, অ্যালান বোর্ডারের কাছ থেকে মেডেল পেয়ে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও সম্মানিত বোধ করছি।
তিনি আরও বলেন, ভাবতে বেশ ভালো লাগছে যে, আমি দুটি মেডেল পেয়েছি। আমার সন্তানেরা ২০ বছর পর এগুলো দেখতে পারবে। আমি তাদের এসব মেডেলের বিষয়ে বলতে পারব।
ঘরের মাঠে সর্বশেষ অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন হেড। তিনটি সেঞ্চুরিতে ৬২৯ রান করেন তিনি। পার্থে সিরিজের প্রথম টেস্টে ৮৩ বলে ১২৩, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ১৭০ এবং সিডনিতে ১৬৩ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।
এদিকে শেন ওয়ার্ন টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক। প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের বাবা কিথ ওয়ার্নের কাছ থেকে পুরস্কার নেন তিনি।
আরও পড়ুন: সাকিবের প্রত্যাবর্তনে সরকারের না
এ ছাড়া বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মিচেল মার্শ এবং বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন টিম ডেভিড।
নিউজবাংলাদেশ.কম/এসবি








