আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় বাংলাদেশি। ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় দেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, বরং সবাই বাংলাদেশের অধিবাসী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি হিসেবে একতাবদ্ধ থাকলেই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান সম্ভব। জুলাই সনদেও সবাই বাংলাদেশি এমন বিষয় উল্লেখ রয়েছে এবং এতে সংশ্লিষ্ট সবাই স্বাক্ষর করেছেন।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভেদের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে। এখনো পার্বত্য চট্টগ্রাম নিয়ে নানা ধরনের চক্রান্ত চলছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশি হিসেবে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। বাংলাদেশি হিসেবে একতাবদ্ধ থেকে বক্তব্য দিয়ে যাওয়াই সমাধানের পথ। বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক। আমরা আদিবাসী নই, আমরা সবাই বাংলাদেশের অধিবাসী। সবার সমান অধিকার রয়েছে।
বৈঠকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন চৌধুরী স্বপন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী শব্দটি অপ্রাসঙ্গিক। এই শব্দ ব্যবহার করে কেউ কোনো ফাঁদে ফেলছে কি না, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে শব্দ ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তথ্যমন্ত্রী।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য একটি গ্রহণযোগ্য পরিচয় বা শব্দ নির্ধারণে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: সরকারি নিয়োগে প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা
গোলটেবিল বৈঠকে বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নিরাপত্তা বিশ্লেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








