আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৭, ১২ আগস্ট ২০২৬

বাংলাদেশ থেকে ফিরেই মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ থেকে ফিরেই মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নয়াদিল্লিতে  করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১১ আগস্ট) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

এর আগে সোমবার (১০ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। গত দুই দিনে বাংলাদেশের সরকারের উচ্চপর্যায়ের তিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এবং রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার।

ঢাকায় আনুষ্ঠানিক দায়িত্ব শুরুর প্রায় দেড় মাসের মাথায় সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। এমন সময়ে তার এই শীর্ষ পর্যায়ের বৈঠক হলো, যখন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়াকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ারও অনুরোধ করা হয়েছে।

খলিলুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ তৈরির বিষয়টি ভারতীয় হাইকমিশনারের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

এদিকে ঢাকা-দিল্লি সম্পর্কের চলমান টানাপোড়েনের কারণে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া আমন্ত্রণে সরকার শেষ পর্যন্ত সাড়া দেবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তবে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলন, দুটিতেই অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে জাহাজে মার্কিন হামলা

চলতি বছরের এপ্রিলে ভারতের সরকার দীনেশ ত্রিবেদীকে ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। দীনেশ ত্রিবেদী গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়