বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৩, ১২ আগস্ট ২০২৬

৭২ লাখ টাকার ব্যাগ-ঘড়ি নিয়ে সংসদে কঙ্গনা

৭২ লাখ টাকার ব্যাগ-ঘড়ি নিয়ে সংসদে কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত। ছবি: সংগৃহীত

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের সাজ নজর কেড়েছে সবার। হালকা নীল রঙের রেশমের শাড়ি, সাদা ব্লাউজ ও হালকা রঙের জুতা পরেছিলেন তিনি। তবে পোশাকের চেয়ে বেশি আলোচনায় এসেছে তার দামি ব্যাগ, হাতঘড়ি ও ছাতা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্ষাকালীন সংসদ অধিবেশন চলাকালে সম্প্রতি কঙ্গনাকে সংসদ ভবন থেকে বের হতে দেখা যায়। তিনি ভারতের মণিপুরের একটি ব্র্যান্ডের তৈরি হালকা নীল রঙের রেশমের শাড়ি পরেছিলেন। এর সঙ্গে ছিল সাদা ব্লাউজ ও হাতির দাঁতের মতো হালকা রঙের জুতা।

কঙ্গনার সাজের সবচেয়ে নজরকাড়া অনুষঙ্গ ছিল তার হাতে থাকা বিলাসবহুল ব্যাগ। তিনি বহন করছিলেন হার্মেসের বারকিন ব্যাগ। টোগো চামড়ার তৈরি ব্যাগটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা। এখানে ১ ভারতীয় রুপি সমান ১.৩০ টাকা হিসেবে হিসাব করা হয়েছে।

টোগো চামড়া বাছুরের চামড়া দিয়ে তৈরি। এর বিশেষত্ব হলো নরম ও উঁচু দানাদার গঠন। এই চামড়ায় সহজে আঁচড় পড়ে না এবং পানির প্রভাবও তুলনামূলক কম পড়ে। হালকা ও টেকসই হওয়ায় বিলাসবহুল ব্যাগ তৈরিতে এ ধরনের চামড়া বেশ জনপ্রিয়।

ব্যাগের পাশাপাশি কঙ্গনার হাতের ঘড়িটিও নজর কেড়েছে। তার হাতে ছিল রোলেক্সের লেডি-ডেটজাস্ট ঘড়ি। বাদামি রঙের ডায়ালের এই ঘড়িটির আনুমানিক মূল্য ২১ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ ২১ হাজার ৩৮০ টাকা।

রোলেক্সের তথ্য অনুযায়ী, ডেটজাস্ট ঘড়ির যাত্রা শুরু হয় ১৯৪৫ সালে। এটি ছিল স্বয়ংক্রিয়ভাবে চলা, পানি প্রতিরোধী এবং তারিখ প্রদর্শনের সুবিধাযুক্ত ঘড়ি। পরে ১৯৫৩ সালে তারিখের ওপর বড় করে দেখানোর জন্য এতে বিশেষ কাচ যুক্ত করা হয়।

কঙ্গনার সাজে আরও ছিল গুড আর্থের ছাপা নকশার একটি ছাতা। এর দাম প্রায় ৬ হাজার ১০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯০৪ টাকা। ছাতাটিতে ভারত মহাসাগর থেকে অনুপ্রাণিত নকশা ব্যবহার করা হয়েছে। বাইরের অংশে বিশেষ ছাপ এবং ভেতরের অংশে তীরচিহ্নের মতো নকশা রয়েছে।

আরও পড়ুন: শুটিংয়ে নথ গিলে ফেললেন শেহনাজ

সব মিলিয়ে কঙ্গনার ব্যবহৃত ব্যাগ, ঘড়ি ও ছাতার মূল্য প্রায় ৫৬ লাখ রুপি। পরিমিত পোশাকের সঙ্গে বিলাসবহুল এসব অনুষঙ্গের সমন্বয়ই সংসদ চত্বরে কঙ্গনার উপস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়