জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:০৭, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি চালকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি চালকদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

দিনের পর দিন অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। গ্যাসের সংকটে ক্ষোভে ফুঁসছেন তারা।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে কয়েকশ চালক ষোলশহর এলাকায় সড়কে অবস্থান নেন। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য কয়েকশ সিএনজি অটোরিকশা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে চালকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছে পুলিশ।

চালকদের অভিযোগ, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। কবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষও নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না।

শাহিন নামে এক চালক বলেন, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। গ্যাস না পাওয়ায় গাড়ি চালাতে পারছি না। কখন গ্যাস পাব, সেটাও কেউ বলতে পারছে না। এভাবে দিনের পর দিন বসে থাকলে পরিবার নিয়ে কীভাবে চলব?

মনু মিয়াজি নামে আরেক চালক বলেন, দুই দিন ধরে গাড়ি চালাতে পারিনি। কোনো আয় নেই। অথচ গাড়ির জমা ও সংসারের খরচ দিতে হচ্ছে। গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও যদি গ্যাস না পাই, তাহলে আমরা কীভাবে বাঁচব?

আরেক বিক্ষুব্ধ চালক মুজিবুল হক বলেন, চট্টগ্রাম শহরের প্রায় সব ফিলিং স্টেশনেই একই পরিস্থিতি। কোথাও গ্যাস নেই, আবার কোথাও গ্যাসের জন্য দীর্ঘ লাইন। সংকটের সমাধান না হলে রাস্তায় নামা ছাড়া তাদের আর কোনো পথ নেই বলেও জানান তিনি।

ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা বলেন, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের কিছু করার নেই।

চালকরা জানান, গ্যাসের সংকটে শুধু তাদের আয় বন্ধ হয়নি, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাও। নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে একই পরিস্থিতি তৈরি হওয়ায় সিএনজি অটোরিকশার সংখ্যা কমে গেছে। ফলে যাত্রীদের দুর্ভোগও বেড়েছে।

এদিকে সড়ক অবরোধের কারণে সকাল থেকেই মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেইট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ চালকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করছে। তবে গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়তে রাজি নন বিক্ষুব্ধ চালকরা।

আরও পড়ুন: চকরিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। চালকদের সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়