হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের নাসাও জেলা পুলিশ একাডেমির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল আজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প বলেন, ইরানকে যুদ্ধে খুব খারাপভাবে পরাজিত করার পর শিগগিরই তিনি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। একই সঙ্গে এ পদক্ষেপকে বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি করা অবরোধ অব্যাহত থাকবে জানিয়ে ট্রাম্প বলেন, এই অবরোধ বন্ধ হবে না। এটি ইস্পাতের দেয়াল।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। যুদ্ধের প্রথম দিনই হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে ইরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে পরবর্তী সময়ে ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র।
পরে দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি হলেও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার অভিযোগের পর আবারও উত্তেজনা বাড়ে। এরপর ইরান হরমুজ প্রণালিতে ফের অবরোধ আরোপ করলে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ জারি করে।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের বর্তমান অবস্থান হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বাণিজ্যিক জাহাজ এ পথ ব্যবহার করতে পারবে না। অন্য দেশের জাহাজকে এ পথ ব্যবহারের জন্য ইরানকে টোল দিতে হবে বলেও জানিয়েছে তেহরান।
এর আগে ট্রাম্প হরমুজ প্রণালির অভিভাবক হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা বলেছিলেন। ওই সময় তিনি এ পথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল আদায়ের কথাও জানিয়েছিলেন। তবে পরে সেই ঘোষণা থেকে সরে আসেন তিনি।
এদিকে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ইরান হুমকি বা শক্তি প্রদর্শনে ভয় পায় না।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
তিনি দাবি করেন, হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে এবং থাকবে। ইরানের অনুমতি ছাড়া এই প্রণালি নিয়ে কোনো সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








