১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা
ছবি: সংগৃহীত
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মহানগরের প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি এসব ইউনিটের মাধ্যমে বিভিন্ন স্থানে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ডিএমপি জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির আওতায় থাকবে। এ ছাড়া ডিবি, সিটিটিসি, সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাবেন। সার্বিক নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি অতিরিক্ত র্যাব ও সিআইডি সদস্যদেরও মাঠে মোতায়েন রাখা হবে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, নিয়মিত মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন, শপিং মলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: এক্সিলারেট এনার্জির আপত্তিতে আটকে যায় আরামকোর এলএনজি কার্গো
তিনি আরও জানান, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তদারকি করবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








