ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে যুবক আটক
ছবি: সংগৃহীত
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে অর্ণব দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিকভাবে তাকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, শনিবার সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষতিগ্রস্ত বাসভবনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে অর্ণব দাসকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে।
এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রাখা হয়েছে।
আরও পড়ুন: ত্রিমুখী সংকটে পিষ্ট রাজধানীবাসী, দুর্বিষহ নগরজীবন
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








