স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০২, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:০৩, ১৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়া ছিলেন অকুতোভয় গণতান্ত্রিক নেতা: মির্জা ফখরুল

খালেদা জিয়া ছিলেন অকুতোভয় গণতান্ত্রিক নেতা: মির্জা ফখরুল

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে বিএনপিকে বর্তমান অবস্থানে নিয়ে আসার মূল কারিগর হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেইন মোনাজাত ও দোয়া পরিচালনা করেন। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

দোয়া ও মিলাদের আগে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া ছিলেন অকুতোভয় গণতান্ত্রিক নেতা। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তার জীবন ও রাজনীতি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে।

তিনি বলেন, নিজের আপসহীন নেতৃত্ব ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া বারবার বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

মির্জা ফখরুল আরও বলেন, দীর্ঘদিনের সংগ্রাম, কোনো বিষয়ে আপস না করা, দলকে আগলে রাখা এবং নেতাকর্মীদের আত্মত্যাগের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়া বিএনপিকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন। বিএনপি আজ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে যে অবস্থানে রয়েছে, এর পেছনে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়ার আদর্শ ও অনুপ্রেরণা বিএনপির নেতাকর্মীদের সবসময় পথ দেখাবে।

এ সময় মির্জা ফখরুল সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া এবং মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন: ঢাবির দোয়েল চত্বর থেকে ছাত্রলীগের দুই কর্মী আটক

এর আগে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই নয়াপল্টনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়