মন্ত্রিসভার ৭৪ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন
ছবি: সংগৃহীত
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে নেওয়া ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি বাস্তবায়ন করা হয়েছে। বাকি ২৮টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। সে হিসাবে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৪ শতাংশ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ৩১ জুলাই পর্যন্ত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে ৮৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এসব বৈঠকে মোট ১০৮টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৮০টি (৭৪ শতাংশ) বাস্তবায়িত হয়েছে এবং ২৮টি (২৬ শতাংশ) বাস্তবায়নাধীন রয়েছে।
এদিন মন্ত্রিসভা বৈঠকে ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (মে-জুলাই) সময়ে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ৪৩টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে মন্ত্রিসভা থেকে সাতটি নীতি, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া একই সময়ে তিনটি আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকলের খসড়া স্বাক্ষর বা অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে একটি স্বাক্ষরিত হয়েছে এবং দুটি বাস্তবায়নাধীন রয়েছে।
আরও পড়ুন: দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমান সরকারের মেয়াদে জাতীয় সংসদের অধিবেশনে মোট ১০৪টি আইন পাস হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








