নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৯, ১৭ আগস্ট ২০২৬

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

ফাইল ছবি

দেশের জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতির অংশ হিসেবে সিনিয়র সহকারী সচিব ও সমপদমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। 

সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতি দিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনগুলোতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ম অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এবারের পদোন্নতির তালিকায় প্রশাসন ক্যাডারের পাশাপাশি বিভিন্ন পেশাদার ও কারিগরি ক্যাডারের কর্মকর্তারাও স্থান পেয়েছেন। এর মধ্যে শুধু প্রশাসন ক্যাডারেরই ১৯০ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। 

এছাড়া কৃষি, পুলিশ, স্বাস্থ্য, সাধারণ শিক্ষা, পরিবার পরিকল্পনা, মৎস্য, পশুসম্পদ, আনসার, নিরীক্ষা ও হিসাব, সমবায়, তথ্য (সাধারণ, বেতার-অনুষ্ঠান ও বেতার-প্রকৌশল), ডাক, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত (সিভিল), রেলওয়ে (পরিবহন ও বাণিজ্যিক এবং প্রকৌশল), সড়ক ও জনপথ, পরিসংখ্যান, কর এবং টেলিযোগাযোগ ক্যাডারের বিভিন্ন দপ্তরে কর্মরত যোগ্য কর্মকর্তারাও এই পদোন্নতির আওতাভুক্ত হয়েছেন।

আরও পড়ুন: ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

রেওয়াজ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত ২৬২ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হলেও, বিদেশে বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন মিশনে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েও তাদের আগের দায়িত্বে বা কর্মস্থলে বহাল রাখা হয়েছে। 

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, মূলত ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডার এবং এর আগের পদোন্নতিবঞ্চিত বিভিন্ন ব্যাচের যোগ্য কর্মকর্তাদের মূল বিবেচনায় রেখে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বেশ কিছু নির্দেশনা ও শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়, পদোন্নতির আদেশে কোনো কর্মকর্তার যে কর্মস্থলের নাম উল্লেখ রয়েছে, ইতিমধ্যে তার দপ্তর বা কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে বর্তমানে কর্মরত সঠিক দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। সরকারের উপসচিব পদে পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা তাদের যোগদানপত্র সরাসরি অথবা অনলাইনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ইমেইলের মাধ্যমেও (sa1@mopa.gov.bd) পাঠাতে পারবেন।

এছাড়াও বৈদেশিক মিশনে পদোন্নতিপ্রাপ্তদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের প্রজ্ঞাপন অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় থেকে প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারির নির্দেশনা রয়েছে। পদোন্নতি পাওয়ার পর পরবর্তীতে যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ বা ভিন্নরূপ তথ্য কিংবা অভিযোগ পাওয়া যায়, তবে সে ক্ষেত্রে এই আদেশ সংশোধন বা সম্পূর্ণ বাতিল করার পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। জনস্বার্থে জারিকৃত এই পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়