স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৭, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৫০, ১৭ আগস্ট ২০২৬

তারেক রহমানের ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

তারেক রহমানের ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ফাইল ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে জুলাইয়েও তিনি জানিয়েছিলেন, নয়াদিল্লি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগ্রহী।

রবিবার (১৬ আগস্ট) রাতে ঢাকার বারিধারায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তার স্ত্রী কেট জারো খানের আয়োজিত এক নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত। শীর্ষ পর্যায়ের বৈঠক ও আলোচনার মাধ্যমেই দুই দেশের যেকোনো সমস্যা সমাধানের পথ বের করা সম্ভব।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে হৃদয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশ শুধু সীমান্ত ভাগাভাগি করে না, অভিন্ন স্বপ্নও ধারণ করে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম দেশ। দুই দেশের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জ ও মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। তবে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এসব সমস্যার সমাধান সম্ভব।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, দুই দেশের মধ্যে মতপার্থক্য, বিতর্ক ও যুক্তি-তর্ক থাকতেই পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুজনই জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতা। তাদের লক্ষ্যও একই।

আরও পড়ুন: সেপ্টেম্বরে রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতারা বৈঠকে বসলে এমন কোনো সমস্যা নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন, শীর্ষ নেতৃত্বের যোগাযোগ ও পারস্পরিক আলোচনার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়