স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১১, ১৬ আগস্ট ২০২৬

পা অবশ, হাঁটাচলায় কষ্ট সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

পা অবশ, হাঁটাচলায় কষ্ট সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণে আপাতত বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা নেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের। পায়ে অবশভাব থাকায় বর্তমানে হাঁটাচলায়ও সমস্যার কথা জানিয়েছেন তিনি।

রবিবার  (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে সীমিত পরিসরে চলাফেরা করতে পারি। এজন্য আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।

সাবেক রাষ্ট্রপতি জানান, তিনি নিয়মিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজন হলে গুলশানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও নিচ্ছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে তাকে সিএমএইচে যেতে হচ্ছে।

বঙ্গভবন ছাড়ার পর গুলশানের বাসায় ওঠার পর এখন পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।

বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, এ সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করবে। বিশেষজ্ঞরা প্রয়োজন মনে করলে ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আরও পড়ুন: বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ইসি দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়