বংশালে হেলমেটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে বংশাল চৌরাস্তার মুকিমবাজার সংলগ্ন একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় একটি হেলমেটের গোডাউন ছিল।
আগুন লাগার খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








